হতশ্রী ব্যাটিংয়ে ৯৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:১৫ পিএম

আগের রাতে ঢাকায় বৃষ্টি হয়ে গেছে। আজও আকাশে মেঘের উড়াউড়ি। বেশিরভাগ সময় তো ঢাকা থাকছে সূর্য। তেমনি বাংলাদেশি ব্যাটসম্যানরাও যেন নিজেদের চেনা ছন্দ হারিয়ে ফেলেছিলেন। তাতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অংকের রানটাও ছুতে পারেনি তারা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা নেমেছিল ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে। সিরিজ ধরে রাখার জন্য জয়টা যে আজ অবধারিত। তাই তো টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু পরিকল্পনায় সফল হননি তিনি। তার দল গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে।

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগছিল তারা। প্রথম চার ব্যাটারের কেউই ছুতে পারেননি দুই অংকের রান। ফারজানা হক ৭, সোবহানা মোস্তারি ৩, মুর্শিদা খাতুন ৫ ও নিগার সুলতানা মাত্র ১ রান করে আউট হয়েছেন। 

দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন নাহিদা আক্তার। ৪৭ বলে তিন চারে তিনি করেন ২২ রান। তিনি ছাড়া দুই অংকের সংখ্যায় যেতে পেরেছেন মাত্র দুইজন। ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেছেন। 

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন সোফি মোলিনিয়াক্স। এছাড়া অ্যাশলে গার্ডনার, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহাম নিয়েছেন দুটি করে উইকেট। 

৯৮ রানের লক্ষ্য তাড়ায় একটু পর ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে অসিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত