বাগেরহাটের সাড়ে পাঁচ শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজারে তিন দিনের বার্ষিক মেলা শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের হযরত খানজাহান (রহ.) মাজারে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের হাজার হাজার ভক্ত-আশেকানরা মাজারে ভিড় করছেন। পুণ্য লাভের আশায় ভক্তরা প্রতিবছর এইদিনটির অপেক্ষায় থাকেন। আগামী মঙ্গলবার মেলা শেষ হবে।
মেলায় আসা নরসিংদির আব্দুর রহিম মিঞা, বরিশালের আগৈলঝাড়ার মহেশ্বেতা বিশ্বাসসহ ভক্তরা বলেন, প্রতিবছর এই মেলায় আসি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এই মাজারে আসার জন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই এক। মানুষের বিভিন্ন মনোবাসনা পূর্ণ লাভের আশায় আমরা মানত করে থাকি। খানজাহান মনোবাসনা পূর্ণ করে তাই আমরা সেই মানত খানজাহানকে দিতে আসি।
হযরত খানজাহান (রহ.) মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলেন, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে মেলা বসে। সাড়ে পাঁচ শ বছর ধরে এই মেলা চলে আসছে। হযরত খানজাহান এই পরগণায় এসে অসংখ্য মসজিদ-দীঘি খনন করেন। হযরত খানজাহানের এই মেলায় বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতি বছর মেলাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, হযরত খানজাহানের মাজারে তিন দিনের মেলা শুরু হয়েছে। এই মেলায় দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। মেলাটি প্রতি বছর হয়ে আসছে। মেলাটি দক্ষিণ বাংলার নামকরা মেলা। এই স্থানটিকে তীর্থস্থান বলে মনে করেন বিভিন্ন ধর্মের ভক্ত আশেকানরা। মেলায় বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
ভাইরাল বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা শরিফুল 