ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১০:৪০ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদের এক সদস্যের (মেম্বার) ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে সমালোচনার শুরু হয়েছে।

ছবিতে দেখা যায়, উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার ওমর ফারুক মুন্সির (৪০) ইয়াবা মাদক সেবন করছেন। তিনি উদাম শরীরে, শর্ট প্যান্ট পরে টেবিল সামনে রেখে চেয়ারে বসে মাদক সেবন করছে। তার সামনে থাকা টেবিলে লাল রংঙের গ্যাস লাইট, সিগারেট, ফুয়েল পেপার, সিগারেটের সুখা ধারণের পাত্র, বোতলের কিছু কাকের ছবি দেখা যায়।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ইয়াবা সেবনের ছবি নিয়ে বেশ নেতিবাচক সমালোচনা করতে দেখা গেছে। তারা জানান, মেম্বার ফারুক মুন্সি সবসময় বিভিন্ন রকম মাদক সেবন করে থাকে। তার বিরুদ্ধে এরকম একাধিক তথ্য রয়েছে। তবে বিষয়টি নিয়ে তারা খুবই বিব্রত বোধ করছে। জনপ্রতিনিধি যদি মাদক সেবন করে তাহলে সাধারণ জনগণ কিভাবে সুশাসন রক্ষা করবে এমন মন্তব্য করেন তারা।

ইয়াবা সেবনের ছবি সম্পর্কে জানতে চাইলে ওমর ফারুক মুন্সি জানান, এটা তারই ছবি। তবে তার বাসায় কিছু বন্ধু হঠাৎ একদিন ইয়াবা সেবনের জন্য আসেন। তখন জোর করে তাকে ইয়াবা সেবনে করান বলে দাবি করেন। তিনি আরও জানান, তার বিরুদ্ধে প্রতিপক্ষকরা ষড়যন্ত্র শুরু করছে। তাকে সামাজিকভাবে হেও করতে এমন ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস দেশ রূপান্তরকে বলেন, ইউপি সদস্যের মাদক সেবনের ছবি তিনি এখনো দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত