বর্ণিল সাজ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজনে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে একই রংয়ের পোশাক পরিয়ে তাদের সংবর্ধিত করা হয়।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, প্রেস ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাছুম প্রমুখ। এতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা।
আলোচনাসভা শেষে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের কর্তাগণ। পরে উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও ইউএনও সৈয়দ মাহবুবুল হক, এসিল্যান্ড মেহেদী হাসান খান শাওন, ওসি মো. আসাদুল ইসলামসহ উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের গায়ে সম্মাননা উপহার হিসেবে একটি করে ব্লেজার পরিয়ে দেন। এ সময় প্রত্যেককে একটি করে ইফতার সামগ্রীর প্যাকেটও দেওয়া হয়।
মামলার ভয় দেখিয়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নেন দুই পুলিশ সদস্য