যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০২:২৮ এএম

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিজ বাড়িতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ১৯ বছর বয়সী ওই তরুণের নাম উইন রোজারিও। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সময় গত বুধবার দুপুর দেড়টার দিকে নিউ ইয়র্কের ওজন পার্কের ১০১ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, নিহত তরুণের ভাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি পুলিশের বিবরণের বিরোধিতা করেছেন। তিনি বলেন, তার মা তার ভাইকে আটকাচ্ছিলেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, পুলিশ অফিসারদের তাদের বন্দুক থেকে গুলি করার দরকার ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সী এক তরুণকে নিউ ইয়র্কের কুইন্সে তার নিজ বাড়িতে পুলিশ কর্মকর্তারা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিহত ওই তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় এক জোড়া কাঁচি নিয়ে পুলিশ অফিসারদের দিকে তেড়ে যান এবং এরপরই একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালান।

পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খল এবং বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল, বলছে পুলিশ। গুলি করার পরপরই মৃত্যু হয় উইন রোজারিওর।

পুলিশকে রোজারিও জানিয়েছিলেন যে, তিনি মানসিক ভারসাম্যহীন। নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান।

পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, অ্যাপার্টমেন্টে যাওয়ার পর অফিসাররা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে তিনি একটি ড্রয়ার থেকে কাঁচি বের করে অফিসারদের দিকে ধেয়ে আসেন। পরে দুজন অফিসারই রোজারিওর ওপর ইলেকট্রিক টেজার (মারণাস্ত্র নয়) ব্যবহার করেন এবং তাকে পরাস্ত করেন। তিনি বলেন, ‘কিন্তু রোজারিওর মা ছেলেকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এটি করতে গিয়ে তিনি ঘটনাক্রমে রোজারিওর শরীর থেকে টেজার সরিয়ে দেন। আর সেই সময়ে রোজারিও কাঁচি তুলে আবার অফিসারদের দিকে তেড়ে আসেন।’

চেল বলেন, ‘এ পরিস্থিতেতে আত্মরক্ষা করার জন্য তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’

তবে রোজারিওকে কতবার গুলি করা হয়েছে তা জানায়নি পুলিশ। কিন্তু রোজারিওর পরিবারের দাবি, তাকে ছয়বার গুলি করা হয়েছে। এ পুরো ঘটনাটি পুলিশ অফিসারদের শরীরে লাগানো ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে জানান চেল। যদিও ফুটেজটি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

রোজারিওর ১৭ বছর বয়সী ভাই উশতো রোজারিও এক সাক্ষাৎকারে পুলিশের বক্তব্যের বিরোধিতা করে বলেন, তার মা এনকাউন্টারের পুরো সময় তার ভাইকে তার কোলে ধরে রেখেছিলেন। তিনি বলেন, ‘আমি মনে করি না শুধু একটি কাঁচি দুজন পুলিশ অফিসারের জন্য হুমকি ছিল।’

উইনের বাবা ফ্রান্সিস রোজারিও জানিয়েছেন, তাদের পরিবার ১০ বছর আগে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে অভিবাসী হয়েছিল এবং উইনের স্বপ্ন ছিল মার্কিন সেনাবাহিনীতে যোগদান করা। তবে গ্রিন কার্ড পেতে বিলম্বের কারণে তার সেই পরিকল্পনা স্থগিত করা হয়। পুলিশের বিরুদ্ধে তার ছেলেকে হত্যার অভিযোগ করেন তিনি।

নিউ ইয়র্ক টাইমস বলছে, নিউ ইয়র্কে গত দুই মাসে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত তৃতীয় ব্যক্তি হচ্ছেন রোজারিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত