শিক্ষার্থী ধর্ষণ মামলায় বিদ্যালয় কমিটির সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:২৬ এএম

শরীয়তপুরের নড়িয়াতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় লিটন লস্কর (৫০) নামে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের মূলফৎগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত লিটন লস্কর কেদারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক। তিনি মূলফৎগঞ্জ এলাকার খলিল লস্করের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে আসছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক লিটন লস্কর দীর্ঘদিন ধরে শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত রবিবার (২৪ মার্চ) বিদ্যালয় ছুটির পরে দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে লিটন লষ্কর এবং বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সঞ্জয় মজুমদার। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় ওই শিক্ষার্থীকে। বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ওই শিক্ষার্থী।

পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তার মা ও খালা জিজ্ঞাসা করলে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী। বিকেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মা নড়িয়া থানায় লিটন লস্কর ও শিক্ষক সঞ্জয় মজুমদারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করলে ইউপি সদস্য লিটন লস্করকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনায় দুজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে মামলা হিসেবে নিয়ে প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত