মসজিদ ঘেঁষে যুবদল নেতার পাওয়ার লুম নির্মাণ, ইউএনওর কাছে অভিযোগ 

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:১৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলমদী গ্রামে মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ ঘেঁষে পাওয়ার লুম (যান্ত্রিক তাঁত) নির্মাণ করার অভিযোগ উঠেছে যুবদল নেতা পিয়ার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেছেন মসজিদের সভাপতি  মো. আনোয়ার হোসেন। পরে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে অভিযোগের অনুলিপি দিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আলমদী গ্রামের ভূঁইয়া পাড়া এলাকায় মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ গত ৭ বছর আগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মসজিদটি চারতলা বিশিষ্ট ভীত দিয়ে একতলা নির্মাণ করা হয়। এ মসজিদটি ৪ তলায় ভীত থাকায় এখানে ভবিষ্যতে মাদ্রাসা চালুর পরিকল্পনা করেন এলাকাবাসী। বর্তমানে মসজিদে নামাজ আদায়, কিতাব তালিম, শিশুদের মক্তব চালু রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী খৈতারগাঁও গ্রামের বাসিন্দা ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পিয়ার আলী মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ারলুম নির্মাণ করেন। ফলে স্থানীয়দের নামাজ আদায়ে সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন। 

স্থানীয়রা জানান, মসজিদ ধর্মীয় স্থান। পার্শ্ববর্তী স্থানে পাওয়ার লুম নির্মাণ করা হলে শব্দ দূষণে মসজিদে নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হতে পারে। দ্রুত বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

অভিযুক্ত বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার সীমানা ঘেঁষে মসজিদ নির্মাণ করেছে স্থানীয়রা। তিনি পাওয়ার লুমের শেড নির্মাণ করে আরেকজনের কাছে ভাড়া দিয়েছেন। সেই ব্যক্তি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেবেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ার লুম নির্মাণের বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত