শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারক ‘হোন্ডা’, তাদের সর্বশেষ সংযোজন ‘হোন্ডা শাইন ১০০’ বাজারে এনেছে। ১০০ সিসির এ মোটরসাইকেলের দাম ১ লাখ ৭ হাজার টাকা। নতুন এই মোটরসাইকেলটি দেশের সাধারণ রাইডারদের উন্নত পারফরম্যান্সের সঙ্গে স্টাইলিশ ও আরামদায়ক হবে বলে জানিয়েছে হোন্ডা।
গতকাল রবিবার অনুষ্ঠিত লঞ্চিং ইভেন্টে নতুন ‘শাইন ১০০’ সম্পর্কে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডা চায় সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করতে।’
ব্র্যান্ডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘কমিউটার সেগমেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বরাবরই গ্রাহকদের দৈনন্দিন চলাফেরায় সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং সাশ্রয়ী অভিজ্ঞতা প্রদান করে এসেছে। শাইন ১০০-এর টেকসই ডিজাইন, উন্নত ফিচারস ইত্যাদি বিশেষ করে গ্রামীণ কিংবা আধা-শহুরে গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনীয়তা মেটাবে।’
হোন্ডা কর্তৃপক্ষ জানায়, মোটরসাইকেলটির মজবুত অ্যালুমিনিয়াম গ্র্যাব রেইল, কালো অ্যালয় হুইল, চকচকে সাইলেন্সার, উজ্জ্বল গাঢ় টেইল ল্যাম্প ইত্যাদি বৈশিষ্ট্য পথচারীদের নজর কাড়তে যথেষ্ট।
অনুষ্ঠানে নতুন সংযোজিত মোটরসাইকেলটির সুবিধা সম্পর্কে জানানো হয়, ১০০ সিসি ইঞ্জিন হালকা ওজনের, সহজে নিয়ন্ত্রণযোগ্য, উন্নত পারফরম্যান্স ও দুর্দান্ত মাইলেজ প্রদান করে। শাইন ১০০-তে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস), যা সামনের ও পেছনের চাকায় ব্রেকিং ফোর্স প্রদান করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া, এর জ্বালানি দক্ষতা রাইডের খরচ কমায়।
আকর্ষণীয় ১ লাখ ৭ হাজার টাকা মূল্যে দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে ‘হোন্ডা শাইন ১০০ সিসি’ লাল, নীল এবং ধূসর ৩টি রঙে পাওয়া যাচ্ছে। নতুন ক্রয়ে এতে থাকবে ২ বছর অথবা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি (আগে সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল) এবং পাঁচটি ফ্রি সার্ভিস সুবিধা।
