ওয়ানডে সিরিজে নি®প্রভ থাকার পর টি-টোয়েন্টিতে জ্বলে উঠেছিলেন নিগার সুলতানা জ্যোতি। তার ফিফটিতে অস্ট্রেলিয়াকে কিছুটা লড়াইয়ের পুঁজি দিয়েছিল বাংলাদেশ। তবে লড়াই শেষ পর্যন্ত হয়নি। বাংলাদেশের রান অনেকটা তুড়ি মেরে তুলে নিয়েছেন অ্যালিসা হিলি-বেথ মুনি।
রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে বাংলাদেশের করা ১২৬ রান ৭ ওভার বাকি থাকতে তুলে নেয় তারা। অধিনায়ক হিলি ৪২ বলে করেন ৬৫ রান , মুনির ব্যাট থেকে ৩৬ বলে আসে ৫৫ রান।
ব্যাটিং নিয়ে পুরো ওয়ানডে সিরিজ ভুগেছে বাংলাদেশের মেয়েরা। তিন ওয়ানডের কোনোটাতেই একশো করতে না পারার গ্লানি নিয়ে শুরু করে টি-টোয়েন্টি সিরিজ। টস জিতে আগে ব্যাটিং নিয়ে এবার ব্যাটিংয়ে মেলে ভিন্ন ছবি। যার ব্যাট থেকে ওয়ানডেতেও প্রত্যাশা ছিল দলের সেই জ্যোতি টি-টোয়েন্টিতে এসে ফিরে পান নিজেকে। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলেন তিনি। দারুণ কিছু শটে বাউন্ডারি বের করেন। তাকে সঙ্গ দিয়ে মুরশিদা খাতুন তৃতীয় উইকেটে আনেন ৫৭ রানের জুটি। ২৭ বলে ২০ করে মুরশিদার বিদায়ে ভাঙে জুটি।
বাংলাদেশের রানকে ভদ্রস্থ জায়গায় নিতে বড় ভূমিকা রাখেন ফাহিমা খাতুন। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং দেখা যায় তার কাছ থেকে। ২১ বলে ২৭ করে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। টি-টোয়েন্টিতে ৬ষ্ঠ ফিফটি করা বাংলাদেশ অধিনায়ক ৭ চারে অপরাজিত থাকেন ৬২ রানে। তবে তার ইনিংস শেষ পর্যন্ত থেকেছে বৃথা।
ব্যাটিং নিয়ে পরে কোচ হাশান তিলকরত্নে বলেছেন, ‘আমাদের একটু বাজে সময় যাচ্ছে। কাটিয়ে উঠতে মাঝেমধ্যে সময় লেগে যায়।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সেসব দ্রুত করতে হবে বলেও মনে করেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে, আমাদের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে শিগগিরই। একত্রে বসে দেখতে হবে, কীভাবে দ্রুত উন্নতি করা যায়।’
