পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খুরশিদ আলম রায়হানকে মারধর এবং চাঁদা চাওয়ার অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান। অনিরুজ্জামান অনিক পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অনিককে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন আহত ছাত্রলীগ নেতা খুরশিদ আলম রায়হান। খুরশিদ আলম রায়হান জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খুরশিদ আলম রায়হানের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিন কিস্তিতে বিভিন্ন সময় ওই টাকার ১০ লাখ টাকা অনিককে দিয়েছেন রায়হান। মঙ্গলবার সন্ধ্যায় রায়হান কাজ শেষে পিরোজপুর এলজিইডি অফিস থেকে বের হওয়ার সময় অনিক লোকজন নিয়ে তাকে ঘিরে ফেলেন। অনিক তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে রায়হানের মাথায় ও কানে আঘাত করেন এবং তার কাছে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তারা রায়হানকে বেধম মারধর করে রাস্তায় ফেলে রেখে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, মারধর এবং চাঁদা চাওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে গ্রেপ্তার করা হয়েছে।
শেষ দিনে এসে হার মানলো আবাহনী
মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু