বাড়ি ফিরলেন বিশ্বে প্রথম শূকরের কিডনি নেওয়া রোগী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে (এমজিএইচ) অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বাড়ি ফিরেছেন বিশ্বে প্রথম শূকরের কিডনি নেওয়া ব্যক্তি রিচার্ড রিক স্লেম্যান।  শূকরের কিডনিতে জিনগত পরিবর্তন ঘটিয়ে তার শরীরে প্রতিস্থাপন করা হয়। গতকাল বুধবার ৬২ বছর বয়সী এই ব্যক্তিকে বাড়ি ফেরার অনুমতি দেয় এমজিএইচ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অতীতে জিনগত পরিবর্তন ঘটানো শূকরের অঙ্গ প্রতিস্থাপনের আরও চেষ্টা হয়েছে। তবে সেগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তাই প্রক্রিয়াটিতে এখন পর্যন্ত যে সফলতা পাওয়া গেছে, বিজ্ঞানীরা সেটি প্রতিস্থাপন চিকিৎসায় এক ঐতিহাসিক নজির হিসেবে দেখছেন।

এমজিএইচ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ম্যাসাচুসেটসের ওয়েমাউথ এলাকার বাসিন্দা রিচার্ড কিডনি রোগের শেষপর্যায়ে ছিলেন। তার দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। গত ১৬ মার্চ দীর্ঘ চার ঘণ্টার সার্জারি শেষে চিকিৎসকেরা তার শরীরে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন করেন।

ছবি: বিবিসি

চিকিৎসকেরা জানান, রিকের প্রতিস্থাপিত কিডনি এখন চমৎকার কাজ করছে। তার আর ডায়ালাইসিস করার দরকার নেই। এক রিচার্ড জানান, হাসপাতাল ছেড়ে সুস্থ হয়ে ঘরে ফেরা তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত।

২০১৮ সালে রিচার্ডের শরীরে মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু গত বছর সেই কিডনি বিকল হতে শুরু করে। তারপরই চিকিৎসকেরা তার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা করেন। তিনি বলেন, এই সাফল্যকে আমি কেবল নিজের মনে করি না। বরং বেঁচে থাকার জন্য যাদের কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, এটা সেই সব মানুষের মনে আশা জোগাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত