থানচিতে গোলাগুলির কবলে পড়েছিলেন

ঢাকায় ফিরেছে ‘নাদান’ সিনেমার টিম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:০১ এএম

বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় শুটিং করতে গিয়ে গোলাগুলির কবলে পড়েছিলেন ‘নাদান’ সিনেমার টিম। এ সময় সেখানে শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেতা শ্যামল মাওলা, চিত্রনায়িকা সায়মা স্মৃতি, অভিনেতা এরফান মৃধাসহ প্রায় একশ জনের একটি টিম। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক ফরহাদ চৌধুরী।

এ সময় বুধবার বান্দরবানের থানচি উপজেলা বাজারে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে। দিনদুপুরে ডাকাতি শেষে গুলি ছুড়তে ছুড়তে থানচি ছাড়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী। হোটেলে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা। শুটিংয়ের মধ্যেই গোলাগুলির শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সিনেমার ইউনিটের সদস্যরা।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় থানচিতে হোটেলে ফেরে সিনেমার টিম। সেখান থেকে রাতের দিকে টিমের কয়েকজন রাতেই ঢাকায় ফিরলেও বাকিরা সেখানেই রয়ে যান। এরপর বৃহস্পতিবার সকালের দিকে অভিনয়শিল্পীদের অনেকে ঢাকা ব্যাক করেন।

সায়মা স্মৃতি বলেন, ‘একদমই দুর্গম একটা এলাকায় শুটিং করছিলাম। কী যে ভয়াবহ একটা অবস্থা গেল আমাদের ওপর সেটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল, চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিলাম! সন্ত্রাসীরা গান ফায়ার করছে সেটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রতিটা সেকেন্ড বুক ধড়ফড় করছিল আমার। কোথাও দৌড়ে যাব সে অবস্থাও নেই। কোনো গাড়ি নেই, কিছু নেই। পরে বিজিবির সহায়তায় আমরা কোনোরকমে জায়গাটা ত্যাগ করি। সাড়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে পরে বাসে বান্দরবান শহরে আসি। রাতে হোটেলে থেকে গতকাল সকালে ঢাকায় ফিরেছি।’ উল্লেখ্য, সিনেমার শুটিংয়ে গত ২০ মার্চ বান্দরবান গিয়েছিল ‘নাদান’ টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত