ফতুল্লা হলো চট্টগ্রাম, তাসকিন-শরিফুল-তানজিমে চূর্ণ মাশরাফীরা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৩২ পিএম

ডিপিএলে আজ চলছে পেসারদের একচেটিয়া দাপট। বিকেএসপিতে মোহামেডানের আবু হায়দার রনির রেকর্ড ৭ উইকেট শিকারের পর ফতুল্লায় তানজিম হাসান সাকিব তুলে নিয়েছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের ৫ উইকেট। তাতে ২৮.৩ ওভারে গুটিয়ে গিয়ে আবাহনীর সামনে মাত্র ১০০ রানের লক্ষ্য দিয়েছে দলটি।

শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ সিরিজের প্রথম ওয়ানডে জয়ের দিনে তাসকিন-শরিফুল-তানজিম পেস ত্রয়ী নিয়েছিলেন ৯ উইকেট। আজ আবাহনীর জার্সিতে ফের এ তিনজনের দাপট দেখল ফতুল্লা। লিজেন্ডসের সবকটি উইকেট নিজেরা ভাগ করে নিয়েছেন। বয়সে সবচেয়ে ছোট তানজিম ৫টি, মেঝো শরিফুল ইসলাম ৩টি, আর সবচেয়ে বড় তাসকিন আহমেদ ২টি।

এ ত্রয়ীর তোপে বিধ্বস্ত লিজেন্ডসের ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ঝলক দেখিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। গুণে গুণে ৬০ বল খেলে করেছেন ১৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বল খেলেন ইমরানুজ্জামান। দুজনেই করেন ১৫ রান। সর্বোচ্চ ১৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারি। তানজিম ৭,৩ ওভারে ২৩ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার দ্বিতীয় ফাইফার।

লিজেন্ডসের ব্যাটিংয়ের সময় শরিফুলের একটি বাউন্সার হেলমেট ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানে মুমিনুল হকের ঘাড়ে। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাট ফেলে দেন, দ্রুত ফিজিওকে ডাকেন আবাহনীর বিজয়। রুপগঞ্জের ফিজিও মুমিনুলকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তা যথেষ্ট ছিলো না। কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরে অবশ্য আবার ব্যাটিংয়ে নামেন তিনি। 

১০০ রানের লক্ষ্যে পৌঁছতে মাত্র ১০.৪ ওভার ব্যাটিং করে আবাহনী। নাঈম শেখ ও তাওহীদ হৃদয়ে উইকেট হারালেও ১৮ বলে মোসাদ্দেক হোসেন সৈকতের বিধ্বংসী ৪৮ ও এনামুল হক বিজয়ের ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত দুই ইনিংসে ৮ উইকেটের জয় পেয়েছে আকাশী-নীলরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত