শীর্ষস্থান সুদৃঢ় মোহামেডানের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ এএম

সুপার সিক্সে টানা দ্বিতীয় ম্যাচ জিতে প্রিমিয়ার হকির শীর্ষস্থান সুদৃঢ় করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করেছিল তারা। শুক্রবার জিতেছিল অ্যাজাক্সের বিপক্ষে। শনিবার ৬-৩ গোলে হারিয়েছে পুলিশ স্পোর্টিংকে। ওদিকে লিগপর্বে চতুর্থ স্থান নিয়ে সুপার সিক্স শুরু করা মেরিনার ইয়ংস ৫-৩ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

গতকাল দিনের প্রথম ম্যাচের জয়ে ঊষার বিপক্ষে লিগের প্রথম লেগের হারের বদলা নিল সবুজ, মিলন, কৌশিকরা। জয়ী দলের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি, মাঈনুল ইসলাম কৌশিক, সোহানুর রহমান সবুজ এবং দুই ভারতীয় রাজিন্দর সিং ও দীপক একটি করে গোল করেছেন। ঊষার ভারতীয় রিক্রুট ইশরাত ইকতিদার হ্যাটট্রিক করেও দলের হার ঠেকাতে পারেননি।

খেলার তৃতীয় মিনিটে রাজিন্দর সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। ১৪ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ার্টারে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মেরিনার্স। খেলার ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মেরিনার্সকে আরও এগিয়ে নেন সবুজ। ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। ইকতিদারের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ করে দলটি। ৪৩ মিনিটে আবারও গোলের আনন্দ ঊষা শিবিরে। ইকতিদার গোল করলে ব্যবধান ৩-২ হয় তাদের। তবে ৪৪ মিনিটে দীপকের ফিল্ড গোলে ব্যবধান আবারও বাড়িয়ে নেয় মেরিনার্স। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুটি গোল হয়। একটি করে মেরিনার্স, অপরটি ঊষা।

৫১ মিনিটে রাব্বির গোলে ব্যবধান ৫-২ করে মেরিনার্স। ৫৮ মিনিটে খেলার শেষ গোলটি করেন ঊষার ইকতিদার। ভারতীয় রিক্রুট হ্যাটট্রিক পূরণ করলেও ঊষা হার এড়াতে পারেনি।

পরের ম্যাচে মোহামেডানের মালয়েশিয়ান রিক্রুট ফায়জাল বিন সারি জোড়া গোল করেছেন। এছাড়া রাসেল মাহমুদ জিমি, শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেছেন। অপরদিকে, বাংলাদেশ পুলিশ এসসির আহসান হাবিব এবং পাকিস্তানের ইহতিসাম আসলাম ও ভারতের দীপক প্যাটেল একটি করে গোল করেছেন।

খেলার ১৪ মিনিটে জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। ১৬ মিনিটে শিমুলের ফিল্ড গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করলে পুলিশের সঙ্গে মোহামেডানের গোল পার্থক্য দাঁড়ায় ৩-০। ৩৯ মিনিটে আসলামের ফিল্ড গোলে ব্যবধান কমায় পুলিশ। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হাবিব গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে। কিন্তু শেষ ১০ মিনিটে আরও তিন গোল করে মোহামেডান ম্যাচটা নিজেদের আয়ত্তে নিয়েছে। ৫২ মিনিটে ফায়জাল সারির ফিল্ড গোলে ব্যবধানে ৪-২ করে তারা। ৫৫ মিনিটে ফায়জাল সারি পেনাল্টি কর্নার থেকে গোল পেলে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো শিবির। ৫৬ মিনিটে দীপক পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৫-৩ করেছেন। ম্যাচের একবারে অন্তিম মুহূর্তে মোহামেডান পেনাল্টি স্ট্রোক পায়। গোল করেন ফিতরি বিন সারি। তাতেই ৬-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি।

আজ মেরিনার্স খেলবে আবাহনীর সঙ্গে। এই ম্যাচের হারজিতের ওপর অনেকটাই নির্ভর করছে হকি লিগের শিরোপা। মেরিনার্স যদি এ ম্যাচেও জেতে, সুবিধা হবে মোহামেডানের। তারা ঊষা, আবাহনী, মেরিনার্সের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুটিতে জিতলে শিরোপা নিশ্চিত হবে তাদের। ১২ ম্যাচে এখন মোহামেডানের সংগ্রহ ৩২। এক ম্যাচ কম খেলা আবাহনীর সংগ্রহ ২৮, মেরিনার্সের ২৫, ঊষারও ২৫।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত