জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৩৪ এএম

রাজবাড়ীতে জাকাতের কাপড় বিতরণের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম বানু বেগম (৬৫)।

গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় হাজি দেলোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বানু বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের গফুর সরদারের স্ত্রী। তিনি সাহরি খেয়ে খুব সকালে জাকাতের কাপড় আনতে গিয়েছিলেন।

দেলোয়ার হোসেনের বাড়ির ফটকের নিরাপত্তা প্রহরী মিলন খান বলেন, ‘সকাল ৭টা থেকে জাকাত দেওয়া শুরু হয়। শুরুতে সবাই লাইন ধরে কাপড় নিচ্ছিলেন। জাকাত দেওয়ার কিছু সময় পরে লাইনের পেছন দিক থেকে ধাক্কাধাক্কি হয়। এতে সামনে প্যান্ডেলের বাঁশ ভেঙে যায়। হুড়োহুড়ির মধ্যে পড়ে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরীফুল নামে বানু বেগমের এক প্রতিবেশী বলেন, সাহরি খেয়ে খুব সকালে কাপড় আনতে গিয়েছিলেন তিনি।

কিন্তু দুপুর গড়িয়ে এলেও তিনি বাড়ি আসছিলেন না। একপর্যায়ে জানা যায় কাপড় আনতে গিয়ে একজন বয়স্ক নারী নিহত হয়েছেন। পরে বাড়ির লোকজন গিয়ে বানু বেগমের মরদেহ শনাক্ত করেন।

দেলোয়ার হোসেন জানান, সকাল ৭টা থেকে জাকাতের লুঙ্গি ও শাড়ি বিতরণ করার কথা ছিল। কিন্তু সময়ের আগেই লোকজন এসে ভিড় জমায়। তাদের লাইন ধরে দাঁড় করানো হয়। কিন্তু একপর্যায়ে লাইন ভেঙে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। আমরা নিরাপত্তার জন্য পুলিশ চেয়েছিলাম। কিন্তু পুলিশ ছিল না। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

রাজবাড়ী সদর হাসাপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উম্মে যোহরা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে এক এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত