এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ বিকেল ৫টা ১৭ মিনিটে এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়িতে আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। কীভাবে ওই গাড়িতে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঘটনাস্থল থেকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুন কীভাবে লেগেছে, তা এখনও স্পষ্ট হয়নি। গাড়িটি হাইব্রিড। তাই ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে।

গাড়ির যাত্রী বা মালিক কাউকে এখনও পাওয়া যায়নি বলে জানান আতিকুর রহমান। তিনি বলেন, গাড়িটি বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বনানীর দিকে আসছিল। আগুন লাগার খবর পেয়ে তাঁরা এসে দেখেন, গাড়িটি জ্বলছে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নেভানো হয়েছে। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত