আনোয়ারায় মৎস্যপল্লীতে আগুন, কোটি টাকার ক্ষতি 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ৮টি দোকান ও ৮০টি টং জালের ঘর। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘাটের খালেদা বাপের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্যজীবীরা নিজেদের মতো করে ঘাটে কাজ করছিল। এমন সময় একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মুদির দোকান, তেলের দোকান, সেলুনসহ মোট ৮টি দোকান পুড়ে যায়। এ ছাড়া ঘাট এলাকার ৮০টি টং জাল সামগ্রী মজুত রাখার  ঘর পুড়ে গেছে। এতে জালসহ বিভিন্ন মালামাল মিলিয়ে পৌনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মোহাম্মদ এনাম।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন জানান, বেলা ১টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, আগুনের বিষয়টি খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত