হুমায়ুন আজাদ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ এএম

বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম। তিনি জঙ্গি সংগঠন জেএমবির নেতা। গত ৯ এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই বলেন, দীর্ঘদিন নজরদারির পর তাকে গ্রেপ্তার করা গেছে। এতদিন নানা ছদ্মবেশ ধরে আত্মগোপনে ছিলেন।

২০০৪ সালে একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন তার ভাই রাজধানীর রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর একই বছরের ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। ২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০০৯ সালের ৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলার আসামিদের মধ্যে কারাগারে  আছেন জেএমবির দুই সদস্য মিজানুর ও আনোয়ারুল। পলাতক সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ। মারা গেছেন হাফিজ মাহমুদ। আরেক মামলায় ২০০৭ সালে আবদুর রহমান, বাংলা ভাই ও সানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত