পৌরসভার ঠিকাদারির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:১৭ পিএম

নাটোর পৌরসভার ভেতরে ঠিকাদারির টাকা ভাগাভাগি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে সিহাব হোসেন শিশির (২৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসু নামে একজনের হাতের আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সিহাব হোসেন শিশির নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পুলিশ ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও মো. হাসুকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের মল্লিকহাটি এলাকায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে রোকনুজ্জামান ও মো. হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসু নামে অপরজনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত