ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে আমগাছের পাতা খাওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে গোদাগাড়ী উপজেলার দিগরাম ঘুণ্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৪২) ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন ওই গ্রামের সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন জানান, সোমবার সকালে স্থানীয় সাদেকুল ইসলামের ছাগল মসজিদের আমগাছের পাতা খায়।

এরপর মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন ছাগল ছাড়তে সাদেকুলকে বারণ করেন। এ নিয়ে দুপুরে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে সাদেকুলসহ কয়েকজন এসে বিষয়টি নিয়ে আবার তর্কে লিপ্ত হন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মসজিদ কমিটির সভাপতির পক্ষে কথা বলায় রুহুল আমিনকে বেধড়ক মারধর করা হয়। তাকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়।

রুহুল আমিনকে রক্ষা করতে গিয়ে নাজিরুল ইসলাম নামে একজন আহত হন।

দুজনকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই রুহুল আমিনের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত