বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই বলে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়েছে। কারণ তারা দেখেছে, নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
আমীর খসরু বলেন, ‘নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি। যেখানে ভোটই নেই, সেখানে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে মানুষদের আরেকটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার।’
তিনি বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে, আজ তারা ইতিহাসও দখল করতে চায়, এটাকে মূলধন বানাতে চায় তারা। তারা জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে এমন নয়, প্রতিটা পদে পদে জনগণের অধিকার হরণ করেছে তারা। মানুষের জীবনের নিরাপত্তা বলতে বাংলাদেশে এখন কিছুই নেই। যারা ক্ষমতায় আছে, তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা।
বিভিন্ন ব্যাংকের একীভূত হওয়ার বিষয়ে আমীর খসরু বলেন, সরকার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক মার্জার (একত্রীভূত) করার। মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত হতে পারে না।
