ওয়ানডে বিশ্বকাপ শেষে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। পাকিস্তান সাদা ও লাল বলে করেছিল নতুন অধিনায়ক। রঙিন জার্সির অধিনায়ক হন শাহিন আফ্রিদি। তবে এক সিরিজ পরই তাকে সরিয়ে দেওয়া হয় নেতৃত্ব থেকে। তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। যাকে সরিয়ে আফ্রিদিকে নেতৃত্বভার দেওয়া হয়েছিল, আফ্রিদিকে সরিয়েও সেই বাবর আজমকেই আবার নেতা ঘোষণা করা হয়েছে।
আজ রাত ৮টায় রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ দিয়েই পাকিস্তান ক্রিকেটে দ্বিতীয় মেয়াদে শুরু হচ্ছে বাবর অধ্যায়। তবে নেতৃত্ব কেড়ে নেওয়া আর তুলে দেওয়া নিয়ে বাবর-আফ্রিদির দ্বন্দ্ব নাকি চরমে! এমনই দাবি করেছিল একাধিক সংবাদমাধ্যম। তবে সেই গুঞ্জনের ইতি টেনেছেন বাবর।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে গুঞ্জন উড়িয়ে দিয়ে বাবর বলেছেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই, শাহিন আফ্রিদি ও আমার সম্পর্ক নতুন নয়, এই সম্পর্ক অনেক পুরোনো। আমরা প্রতি মুহূর্তে এক অন্যকে সহায়তা করি। আমাদের লক্ষ্য পাকিস্তানকে সবার আগে রাখা এবং পাকিস্তানের নাম উজ্জ্বল করা। আমরা ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবি না, সৌভাগ্যক্রমে আমার দলে এসবের উপস্থিতি নেই।’
১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিপর্ব নিউজিল্যান্ড সিরিজ থেকেই শুরু করবে পাকিস্তান। বাবর বলেছেন, ‘আমাদের দল নমনীয়। আমার তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করব, বেঞ্চের শক্তি পরীক্ষা করব। আপনারা এই সিরিজে ভিন্ন ভিন্ন কম্বিনেশন দেখবেন, আমরা দেখতে চাই কোনটি আমাদের জন্য কাজ করে। এই পরীক্ষা বোলিং ও ব্যাটিং দুই জায়গাতেই দেখবেন, সব জায়গাতেই। যখন আমরা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে যাব, আমাদের কাছে পরিষ্কার এক চিত্র থাকবে।’
