চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান এসব তথ্য জানান। ওসি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নৌ-পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পদ্মা ও মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর, মিনি কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় এসব জেলেকে আটক করেন। এ সময় জেলেদের কাছ থেকে ১০০ মিটার সুতার তৈরি লাসা জাল, ২ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫টি মাছ ধরার পুরনো কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে।
