এমপি-মন্ত্রীর নিকটাত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:১৫ পিএম

স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপি-মন্ত্রীদের নিকটাত্মীয় ও স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আগামীতে এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। এ ছাড়া উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানান তিনি।

আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী-এমপির নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নিকটজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা ভবিষ্যতে করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে হবে। যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা তৈরি হচ্ছে।

বিএনপির সমালোচনা করে এসময় কাদের বলেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। বিএনপি রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নে অব্যাহত। একইভাবে সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত