বগুড়া শহরের নিউ মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত শুক্রবার রাতের কোনো এক সময়ে আল তৌফিক জুয়েলার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির (বাজুস) নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। দোকানের তালা কেটে এ চুরির ঘটনায় প্রায় ১২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি মালিক পক্ষের, যার মূল্য কোটি টাকারও বেশি।
জুয়েলার্সের মালিক কামরুল হোসেন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটের দিকে ম্যানেজার ফোন দিয়ে জানায় দোকানের তালা ভাঙা ও দোকান খোলা। এ ছাড়া ছোট স্বর্ণের গহনাও পড়ে আছে।’ জুয়েলার্সের ম্যানেজার ধলু মিয়া বলেন, ‘রাতে দোকানের ডিসপ্লেতে যে সোনার জিনিসপত্র রাখা ছিল তা সব নিয়ে গেছে চোরেরা। দোকানে শুধু সিন্দুকে যে সোনা ছিল সেটাই রয়েছে।’
বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু বলেন, ইতিপূর্বে সব স্বর্ণের দোকানে আমরা নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছি। এ ঘটনায় আমরা খুবই মর্মাহত, দ্রুত চুরির ঘটনা তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ বগুড়া সদর থানা ওসি (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
