গাজীপুরে গুলির হুমকি

স্বেচ্ছাসেবক লীগ নেতার সেই শটগান এখন থানায়

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ এএম

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শনকারী সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ রেজাউল করিম।

গত শনিবার সকালে স্থানীয় দেশীপাড়ার হারুন অর রশিদ ও তার স্বজনরা পারিবারিক জমি মাপজোক করার সময় ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী রাশেদুজ্জামান মাসুম শটগান তাক করে জমি মাপতে বাধা দেন। এসময় তিনি হারুনকে গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকিও দেন। গতকাল রবিবার এ ঘটনার সচিত্র খবর দৈনিক দেশ রূপান্তরে প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।

জিএমপি সদর থানার ওসি সৈয়দ রেজাউল করিম বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা ইতিমধ্যেই অস্ত্রটি উদ্ধার করেছি। এটি তার (মাসুম) লাইসেন্স করা অস্ত্র। কিন্তু প্রকাশ্যে ওই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি। একইসঙ্গে আদালতের অনুমতি সাপেক্ষে সাধারণ ডায়েরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত