সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ উড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
আজ সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আল শামীম নামে এক যাত্রী মারা যান। তিনি পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এ সময় বাসটির পুরো ছাদ উড়ে যায়।
মনিরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়।
