৬ লাখ টাকা মুক্তিপণ দাবিতে টেকনাফে পল্লী চিকিৎসক অপহরণ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ পিএম

কক্সবাজারে টেকনাফে জহির উদ্দিন নামের এক পল্লী চিকিৎসককে অপহরণ করেছে একটি চক্র। গতকাল রবিবার (২১ এপ্রিল) দি্বাগত রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে থেকে তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে সোমবার সকালে ফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

অপহৃতের পরিবারের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, পল্লী চিকিৎসক জহির প্রতিদিনের মতো টেকনাফের শামলাপুর বাজার থেকে দোকান বন্ধ করে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিদ্যে তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি ব্যারিকেড দিয়ে গতিরোধ করে তাকেসহ অপর এক যাত্রীকে তুলে নিযে যায় চক্রটি।

সিএনজি অটোরিকশাচালক ইলিয়াস বলেন, জহিরসহ দুজনকে অপহরণ করেছে ২০/২৫ জনের দুর্বৃত্তদল। এসময় তাকেও মারধর করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয় চক্রটি। পরে তিনি অটোরিকশাসহ পালিয়ে হোয়াইক্যং বাজারে চলে আসেন।

অপহৃতের ছোট ভাই কমর উদ্দিন মুকুল বলেন, আমার মেজ ভাই জহির প্রায় ১০ বছর যাবৎ শামলাপুর বাজারে দোকান করে। তিনি কখনো সন্ধ্যার পর ভেতরের রাস্তা দিয়ে চলাচল করেন না। রবিবার রাতে তাকে ভুল বুঝিয়ে ভেতরের সড়ক দিয়ে নিয়ে গেছে যাত্রীবেশে অটোরিকশায় থাকা অপর যাত্রী। 

এমন ধারণার কারণ জানাতে গিয়ে তিনি আরও বলেন, রবিবার রাতে অপহরণ হলো অথচ এখনো অপর অপহৃতের পরিচয় জানা গেল না। সাধারণত অপহরণের পর পরই অপহৃতের পরিচয় জানা যায়। তাছাড়া আমাদের কাছে সোমবার সকালে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

কমর আরও বলেন, অপহরণকারী চক্র কখনো কোনো চালককে ছেড়ে দেন না। তাই চালককে আমাদের সন্দেহ হওয়ায় তাকে খুঁজে বের করে পুলিশে সোপার্দ করেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, শুনলাম খুদুমগুহা ও সোনালী ব্যাংক নামক জায়গার মাঝামাঝি সিএনজি অটোরিকশাটি গতিরোধ করে দুজন মানুষকে নিয়ে গেছে। ঘটনাটা আমার কাছে পরিষ্কার না। আমি খবর পেয়েছি রাত ১১টায়। তিনি আরও বলেন, অটোরিকশাচালক আমাদের জিম্মায়। আমরা ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত