বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্র-ককটেলসহ আটক ৪

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

ইউপি নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর পুলিশের অভিযানে একটি একনলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। দুপুর ২টার দিকে চরডুমুরিয়া গ্রামের একটি জমিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। পরে ওই জমিতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, আটটি তাজা ককটেল ও বন্দুকের ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. সেলিম (৩৫) নামে একজন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো পাঁচজন। এ ছাড়া আলমগীর দালাল (৪০) নামে একজন নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত