লোকসভা নির্বাচন: প্রথম দফায় ভোট হলো যেসব আসনে

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চলছে লোকসভা নির্বাচন। গত শুক্রবার (১৯ এপ্রিল) শুরু হওয়া নির্বাচন চলবে প্রায় ছয় সপ্তাহ ধরে। আগামী ৪ জুন ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। দেশটির প্রায় ৯৭ কোটি ভোটারের ভোটে নির্বাচিত হবেন ৫৪৩ সংসদ সদস্য। 

সাত ধাপে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। প্রতি ধাপে একদিন ভোটগ্রহণ হবে দেশটির বিভিন্ন নির্বাচনী এলাকায়। এতে ১০ লাখের বেশি ভোটকেন্দ্রে ভোট হবে। 

এর মধ্যে ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের ৩ আসন, তামিলনাড়ুর ৩৯ আসন, রাজস্থানের ১২ আসন, উত্তরপ্রদেশের ৮ আসন, বিহারের ৪ আসন, মধ্যপ্রদেশের ৬টি আসনে নির্বাচন হয়েছে।

৫টি করে আসনে নির্বাচন হয়েছে আসাম, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রে; ২টি আসনে নির্বাচন হয়েছে অরুণাচল, মেঘালয় ও মণিপুরে। ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে একটি করে আসনে ভোটগ্রহণ হয়েছে।

আগামী ১ জুন সপ্তম দফার ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ৪ জুন। তবে এরমধ্যে একটি আসন নিশ্চিত হয়েছে ক্ষমতাসীন বিজেপির। গুজরাটের সুরাট আসন থেকে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায় এবং বাকি ৮ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপির প্রার্থী মুকেশ দালাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত