আহত ২০

৪৫ হাজার দর্শকের সামনে নিয়ন্ত্রণহীন রেসিং কার, নিহত ৭

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৯ এএম

শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জনেরও বেশি। দেশটির সেনাবাহিনী এই কার রেসের ব্যবস্থা করেছিল। কোভিড এবং অর্থনৈতিক বিপর্যয়ের পর এই প্রথম সেখানে এমন আয়োজন হয়।

রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরে ফক্স হিল অঞ্চলে ছিল এই কার রেস। ট্র্যাকের দুই দিকে জড়ো হয় ৪৫ হাজার দর্শক। এমন পরিস্থিতির মধ্যে আচমকাই একটি রেসিং কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে বেরিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু  হয়। আহত হয় বহু মানুষ। এ ঘটনায় দুই চালককে আটক করা হয়েছে।

পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, সব মিলিয়ে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৭ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে চারজন কর্মকর্তা ছিলেন। একজন ছিল আট বছরের শিশু।

এ ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাকি অনুষ্ঠানও বাতিল করে দেয়া হয়। এর আগেও শ্রীলঙ্কার সেনাবাহিনী এমন অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে গত পাঁচ বছরে কার রেস হয়নি। প্রথমে কোভিড এবং তারপর শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট শুরু হয়। বহুদিন পর সেনাবাহিনী এমন অনুষ্ঠানের আয়োজন করেছিল।

দুর্ঘটনার খানিকক্ষণ আগে সেনাপ্রধান ঘোষণা দিয়েছিলেন, সাধারণ মানুষ বিনামূল্যে এই রেস দেখতে পারেন। তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। ওই ঘোষণার পর হাজার হাজার মানুষ ট্র্যাকের দুই দিকে জড়ো হন। তারপরই ঘটে এই দুর্ঘটনা।

সূত্র: ডয়চে ভেলে ও কলম্বো গেজেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত