আমিরাতের আল হামরিয়া বন্দরে এমভি আবদুল্লাহ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৫ এএম

জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে। গতকাল সোমবার রাতে জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ানো হয়। ফলে সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়ার ৯ দিনের মাথায় তীরের দেখা পেলেন জাহাজটির ২৩ নাবিক।

এক মাসের ওপর জিম্মিদশার পর ১৩ এপ্রিল রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। ৯ দিনের মাথায় এ দূরত্ব অতিক্রম করে জাহাজটি আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছাল।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল। জাহাজটি ভেড়ানোর পর বন্দরের প্রক্রিয়া শেষ করে কয়লা খালাস শুরু হবে। এরপর আরেকটি বন্দর থেকে পণ্যবোঝাই করে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।

কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। বাকি ২১ নাবিকের ওই জাহাজে করে দেশে ফেরার কথা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত