সিরাজগঞ্জে গভীর রাতে সাংবাদিকের বাড়িতে হামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ এএম

দেশ রূপান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি মো. মুমীদুজ্জামান জাহানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের চুনিয়াখালিপাড়া মহল্লার বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ির জানালার কাচ ভাঙচুর করে হামলাকারীরা। 

এ ঘটনায় সাংবাদিক জাহানের বাবা আনোয়ার হোসের বাদী হয়ে গতকাল মঙ্গলবার শাহজাদপুর থানায় অভিযোগ  করেছেন।

আনোয়ার হোসেন বলেন, ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ তুলে না দেওয়ায় আমার ছোট মেয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. আইরিন পারভীনকে (৪২) কিছুদিন আগে তার স্বামী আজিজুর রহমান বিদ্যুৎ (৪৪) গলা টিপে ও মাছ কাটা বঁটি দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। প্রায় ১ মাস ধরে তার ৫ বছরের মেয়ে আবিদা আনজুমকে পাবনার সাঁথিয়া উপজেলার ছেচানিয়া আফতাবনগরে নাছিমা পারভীন বিনা (৪৭) নামের বোন ও তার স্বামী আল আমিনের বাড়িতে আটকে রেখেছে। এর পর থেকে মায়ের জন্য রাতদিন কান্নাকাটি করে ৫ বছরের অবুঝ শিশু আবিদা আনজুম অসুস্থ হয়ে পড়লেও তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছে না সাতবাড়িয়া ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান আজিজুর রহমান বিদ্যুৎ। এ ঘটনায় গত ২২ এপ্রিল শাহজাদপুর চৌকি আদালতে আমার মেয়ে আইরিন পারভীন বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এ হামলার ঘটনা ঘটাতে পারে। এ ছাড়া আমার বাড়ির সামনে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মাঝেমধ্যে আমি ও আমার পরিবারের লোকজন তাদের নিষেধ করে থাকি। অপরদিকে আমার বড় ছেলে মো. মুমীদুজ্জামান জাহান সাংবাদিক। সে প্রায়ই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করে থাকে। এসব কারণে ক্ষুব্ধ দুর্বৃত্তরা এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সাংবাদিক জাহান বলেন, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে পালিয়ে যায়। বিকট শব্দে আমরা ঘুম থেকে জেগে উঠে এ অবস্থা দেখতে পাই।  এ বিষয়ে আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, হামলা ও জানালার কাচ ভাঙচুরের সঙ্গে আমি জড়িত নই।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত