মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছে। গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর ‘নেভাল শিপ চিন ডুইন' জাহাজ থেকে এসব বাংলাদেশিদের নিয়ে একটি ঠাক বোটে বুধবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছে। দীর্ঘদিন ধরে কারাভোগের পর দেশে ফিরে আসলে তাদের পেয়ে উচ্ছ্বাসিত স্বজনরা।
কক্সবাজারের বিজিবি পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন কক্সবাজারের নাফ নদী ও জলসীমা থেকে বিভিন্ন কারণে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ বিজিপি আটক করে এসব বাংলাদেশীদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সেদেশের কারাগারে বন্দী করে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছরা বিআইডব্লিউটিএর ঘাটে এসব বাংলাদেশী নাগরিকদের নিয়ে আসলে বিজিবি পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।
এ সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও সরকারের একটি প্রতিনিধি দল জাহাজে বাংলাদেশী নাগরিকদের নিয়ে আসেন।
পরে উক্ত ঘাটেই ফেরত আসা বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। ফেরত আসা ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার জেলার, ৩০ জন বান্দরবান জেলার, ৭জন রাঙ্গামাটি জেলার ও খাগড়াছড়ি, নোয়াাখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছে। এদের মধ্যে কেউ ১০ বছর, আবার কেউ ৫ থেকে ৩ বছর মিয়ানমারে কারাভোগ করেন। কারাভোগ শেষে আজ দেশে ফিরেন তারা। ফেরত আসা স্বজনদের পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই। ফেরত আসা বাংলাদেশিরা বলছেন, মিয়ানমার কারাগারে খাবার থেকে শুরু করে নানা নির্যাতনের শিকার হয়েছেন।
এর আগে মিয়ানমারের প্রতিনিধিদলের সাথে বৈঠক করে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে দু’দেশের প্রতিনিধিদল। মিয়ানমারের প্রতিনিধি দল বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নে রওয়ানা দেন। আগামীকাল বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও বিভিন্ন বাহিনীর ২৮৫ সদস্যকে একই জাহাজে করে মিয়ানমারে নিয়ে যাবেন।
এসময় বাংলাদেশী নাগরিকদের হস্তান্তরকালে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল জানান- মিয়ানমারে হাজার হাজার বাংলাদেশী মানুষ কারাগারে বন্দি রয়েছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে দেশে ফেরত আনা হবে।
রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়ায় মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সফররত 'মিয়ানমার নেভাল শিপ চিন ডুইন' ১৭৩ বাংলাদেশীদের বহন করে মঙ্গলবারই যাত্রা করে আজ কক্সবাজারে পৌছে। এর মধ্যে ১৪৪ জন কারাগারে পূর্ণ মেয়াদে সাজা ভোগ করেছেন। অপর ২৯ জন মিশনের প্রচেষ্টায় ক্ষমা করে বাংলাদেশে ফেরত আনা হয়।
