বিদেশে পড়তে যেতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শিক্ষা মেলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

চলতি মাসের শেষে এবং আগামী মাসের শুরুতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে শিক্ষাবিষয়ক মেলার আয়োজন করেছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস)। এই মেলায় মালয়েশিয়ায় শিক্ষা ও ভর্তি বিষয়ক নানা বিষয় জানার সুযোগ থাকবে।

‘স্টাডি ইন মালয়েশিয়া’ স্লোগান নিয়ে আগামী ২৬ ও ২৭ এপ্রিল ঢাকার বনানীতে শেরাটন হোটেলে, ২৯ এপ্রিল চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এবং মে মাসের ১ তারিখে সিলেটের রোজ ভিউ হোটেলে মেলা অনুষ্ঠিত হবে।

সমগ্র বিশ্বে শিক্ষার উৎকর্ষে এবং মেধাসম্পন্ন মানব সম্পদ তৈরির অন্যতম বৈশ্বিক কেন্দ্রে পরিণত হওয়ার জন্য মালয়েশিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটিকে বিবেচনায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই মেলায় বাংলাদেশ থেকে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উপস্থিত থাকার সুযোগ রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা অনুধাবন করতে পারবেন যে কি ধরনের আকর্ষণীয় সুযোগ তারা পেতে পারেন যদি মালয়েশিয়াতেই তাদের উচ্চ শিক্ষার গন্তব্য হিসেবে নির্ধারণ করেন। বিদেশে শিক্ষায় ইচ্ছুক বাংলাদেশের ছাত্রদের জন্য আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার ক্ষেত্রে মালয়েশিয়া একটি অন্যতম জনপ্রিয় ও কাঙ্ক্ষিত গন্তব্য।

ইএমজিএস'র তথ্য অনুসারে ২০১৯ সাল থেকে এ যাবৎ ১৯ হাজার বাংলাদেশি ছাত্র মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য ভর্তির আবেদন করেছেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৪ অনুযায়ী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মালয় বিশ্ববিদ্যালয় ৬৫তম, ইউনিভার্সিটি সেইনস মালয়েশিয়া ১৩৭তম, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ১৫৮তম, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া ১৫৯তম এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার অবস্থান ১৮৮তম। এসব বিশ্ববিদ্যালয় তাদের বিশ্ব মানের শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক ছাত্রদের বিশেষ স্কলারশিপ সুবিধা প্রদান করে আকৃষ্ট করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত