বিচারক, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা চায় হাইকোর্ট

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০০ এএম

প্রকৃত আসামির বদলে অন্য একজনের সাজা খাটার ঘটনায় বিচারক, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের ছয়জনের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। মাদক মামলায় উত্তরার যুবলীগ নেতা নাজমুল হাসানের সাত বছরের কারাদ-ের পর তার হয়ে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির সাজা খাটার ঘটনায় আইনি পদক্ষেপের নির্দেশনা চেয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বদলি সাজা খাটা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, এ মামলায় আপিলকারী পক্ষের আইনজীবী এসএম শাহজাহান ও রমজান খান মামলা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

আদালতের আদেশের বরাতে মনজিল মোরসেদ বলেন, গত বছর আসামি আত্মসমর্পণ করাকালে তার পরিচয় শনাক্ত করা হয়েছিল কি না, সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মোরশেদ আলম সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেবেন। অধস্তন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের বক্তব্য হলফনামা আকারে দিতে হবে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কী প্রক্রিয়ায় গ্রহণ করেছিলেন, সে ব্যাখ্যাও দিতে হবে। ডেপুটি জেলার সৈয়দ হাসান আলীর স্বাক্ষর কীভাবে সত্যায়িত করা হয়েছিল, তার ব্যাখ্যাও দিতে হবে।

সাজাপ্রাপ্ত নাজমুল গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য তার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে দাখিল করবেন বলে আদেশে বলা হয়েছে। আদালত সংশ্লিষ্ট বিষয়ে আগামী ৭ মে শুনানির জন্য দিন ধার্য রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত