‘গরম যখন চরমে, সবাই চলি নিয়মে’ এই প্রতিপাদ্যে তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হকের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় পথচারীদের মধ্যে ও দোকানে দোকানে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে এ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক বলেন, হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জ¦র, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। তাছাড়া অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। গরমের এ সময়টাতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে তরল খাবার ও প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। খাদ্য তালিকায় থাকা চাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’ জাতীয় খাবার ও রসালো ফল। প্রয়োজনে একবারের বেশি গোসল করতে হবে। বাইরে বের হওয়ার সময় সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরিধান করতে হবে। শিশুকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে।
