দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলে আরিফ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় চারটি যানবাহন পুড়ে গেছে। এ সময় আগুনে একজন দগ্ধ হয়েছেন। এদিকে আগুনে নেভাতে দেরি করে আসায় বিক্ষুব্ধরা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক মোতালেব ও কর্মী রেজাউল করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার সময় পাম্পে একটি তেলের ট্যাংকলরী থেকে তেল নামানো হচ্ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাম্পে পার্কিং করে রাখা দুইটি ট্রাক, একটি তেলের ট্যাংকলরী ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। এ সময় একজন দগ্ধ হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিক্ষুব্ধ জনতাদের অভিযোগ, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তারা অনেক দেরি করে আসে। ফায়ার সার্ভিস দ্রুত এলে এত ক্ষয়ক্ষতি হতো না।
ফায়ার সার্ভিস রংপুর বিভাগের উপপরিচালক কাজী নজিবুজ্জামান বলেন, ‘আগুনের সময় রাস্তার দুপাশে তীব্র যানজট ছিল। যার কারণে ফায়ার সার্ভিসের টিম পৌঁছতে একটু সময় লেগেছে। এ কারণে কিছু উত্তেজিত জনতা আমাদের কয়েকজন সদস্যের উপরে হামলা করেছে। এর মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
