গরমে সালাউদ্দিন বদলে দিলেন নারী লিগের সূচী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পিএম

অর্থ সংকটের কারণে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট ব্যবহার না করে তীব্র তাপ প্রবাহের মধ্যে রোদেই নারী ফুটবলের সূচি ঠিক করেছিল বাফুফে। 

বিকেলে কমলাপুর স্টেডিয়ামে সেই নারী লিগ উদ্বোধন করতে গিয়ে রোদের তীব্রতা টের পান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাই তাৎক্ষণিকভাবেই লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নেন। লিগের পরবর্তী ম্যাচগুলো পড়ন্ত বিকেলে ও ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‌ 'এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব না। তাই সাথে সাথে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল এতে এনএসসিবিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।' 

অথচ গতকাল বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার জানিয়েছিলেন, তীব্র দাবদাহে আর্থিক সংকটের কারণে বাফুফের পক্ষে নাকি নারী লিগের ম্যাচ ফ্লাডলাইটে আয়োজন সম্ভব নয়। বাফুফে সাধারণ সম্পাদক হিসেব দিয়েছিলেন ফ্লাডলাইটে খেলা চালাতে এক দিনে ১৩ হাজার টাকার মতো লাগবে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তাই বলেছিলেন, ফ্লাডলাইটে খেলা চালানোর আর্থিক সামথ্য ফেডারেশনের নেই। 

এ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, 'গত পাঁচ-দশ বছর কোনো কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে; যেখান থেকেই হোক ম্যানেজড হবে।' তীব্র গরমে সকাল-দুপুর খেলা এবং বিদ্যুৎ বিলের বিষয়টি তাকে না জানিয়েই কি সূচি ঠিক হয়েছে? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন ফেডারেশনের স্টাফ ও নারী উইংকে আগলে রেখে মন্তব্য করলেন, 'কাউকে দোষ দেয়া যায় না। অফিস যেটা করেছে ঠিকই করেছে। কারণ আমাদের ফান্ড সমস্যা রয়েছে। এই গান গাইতে গাইতে তেতো হয়ে গেছে। আবার আমি এখন যেটা করেছি সেটাও সঠিক।'

৯ দলের সিঙ্গেল লিগ পদ্ধতিতে নারী লিগে মোট ম্যাচ ৩৬টি। এরমধ্যে ১৯টি ম্যাচ ডে। তার মধ্যে ১৭ দিন দুটি করে ম্যাচ রাখা হয়। প্রথমটি সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয়টি বিকেল পৌনে চারটায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত