শরীয়তপুরে দু'পক্ষের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৪ পিএম

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সৈকত সরদার নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইসলামি ব্যাংক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বুধবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি এলাকায় সংঘর্ষের সময় সে আহত হয়। নিহত সৈকত সরদার (১৯) সারেংকান্দি গ্রামের কাশেম সরদারের ছেলে। 

উল্লেখ্য, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী এবং তার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল জলিল মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

গত বুধবার সকালে আবারও দু'পক্ষের লোকজন সারেংকান্দি এলাকায় ফসলি জমিতে সংঘর্ষে জড়ায়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ককটেল ছুড়তে থাকে। ওই সংঘর্ষে সৈকত সরদার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সৈকত সরদারকে ঢাকায় প্রেরণ করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে আহত সৈকতের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত