ঈদের ছুটির পর চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বেশি ছুটি শেষে আজ রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ক্লাসের সময় কমিয়ে এনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। তবে প্রাক প্রাথমিকের শিশুদের এখনই বিদ্যালয়ে যেতে হবে না।
গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৮ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক পালায় (শিফটে) পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই পালায় বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখার কথা জানানো হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। শিখন ঘাটতি পূরণে ৪ মে থেকে শনিবারও ক্লাস চালু রাখা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭। শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।
