রাজধানীতে ২১ কাউন্সিলরের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তার সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পুলিশের ওপর কোনো রাজনৈতিক চাপ না থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপ রয়েছে। যারা অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত।
গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ীসহ ৫০ থানার মধ্যে ১০টি থানায় কিশোর গ্যাংয়ের উপদ্রব বেশি। আমরা অনেকগুলো কিশোর গ্যাং চিহ্নিত করেছি, কিন্তু সরাসরি কিশোর গ্যাংয়ের গডফাদার ধরা যাচ্ছে না। আইনের মারপ্যাঁচে তাদের পৃষ্ঠপোষকরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। তবে কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি নেই।’
কিশোর অপরাধ রোধে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জানিয়ে কমিশনার হাবিবুর রহমান বলেন, খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চার অভাবে কিশোররা অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। ঢাকা শহরে শিশু-কিশোরদের সামান্য খেলার মাঠের জন্য আন্দোলন করতে হয়। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে অপরাধমুক্ত সোনার মানুষ গড়ে তুলতে হবে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতরা বেশিরভাগই অপরাজনীতির শিকার। অভিযোগ রয়েছে কিছু কিছু রাজনৈতিক নেতা ও ‘বড় ভাই’রা শিশু-কিশোরদের তাদের অনৈতিক কর্মকা-ে ব্যবহার করছে। অস্ত্র তুলে দিচ্ছে। রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে অর্থের বিনিময়ে অপরাধ করাচ্ছে। জমিজমা, ঘরবাড়ি দখল করাচ্ছে। আবার পুলিশ আটক করলে তাকে থানা থেকে ছাড়িয়ে আনছে, প্রয়োজনে জামিনের ব্যবস্থাও করছে। ফলে এসব শিশু-কিশোর কিশোর গ্যাং কালচারে সম্পৃক্ত হয়ে বড় ভাইদের পক্ষে ভাড়ায় খাটছে। বড়ভাই নামধারী এসব প্রভাবশালী যাতে শিশু-কিশোরদের চাঁদাবাজি, মিছিল-মিটিং, দখলবাজি, দলবাজিতে ব্যবহার করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবেই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
