জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে সুমাইয়া আক্তার মীম নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে রশিদপুর এলাকার ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত সুমাইয়া আক্তার মীম পৌর শহরের বগাবাইদ এলাকার ফেরদৌস মিয়ার মেয়ে এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, দুপুরের ক্লাসে পাঠদান চলাকালে দশম শ্রেণির কক্ষে একটি ফ্যান ছিঁড়ে পড়ে। এতে শিক্ষার্থী মীমের ঠোঁট কেটে যায়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের অফিস সহকারী মাজহারুল ইসলাম বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। অনেক দিন আগে ফ্যান লাগানো হয়েছে। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে গেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই ছাত্রী সুস্থ আছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
