লোকসভা নির্বাচনে সর্বোচ্চ কত খরচ করেন একজন প্রার্থী

  • প্রার্থী ভোটপ্রচারে কত টাকা খরচ করবে তা নির্দিষ্ট করে দেয় নির্বাচন কমিশন
  • এই নির্বাচনে প্রতি প্রার্থীর জন্য খরচের সীমা বাড়িয়ে ৯৫ লাখ টাকা করেছে কমিশন
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫০ পিএম

ভারতে চলছে লোকসভা নির্বাচন ২০২৪। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় শুরু হয় ভোট গ্রহণ, আর শেষ হয় সন্ধ্যা ছয়টায়।

নির্বাচনকে ঘিরে ব্যাপক ব্যস্ত প্রার্থীরাও। মিটিং, মিছিল, সভা, রোড শো, দেওয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন তারা। আর এই প্রচার তথা গোটা নির্বাচনে প্রত্যেক প্রার্থীপিছু খরচ হয় প্রচুর টাকা। এই খরচ করতে কার্পণ্যও করেন না প্রার্থীরা।

নিজেদের ভোটপ্রচারে প্রায়শই বহু প্রার্থী পানির মতো টাকা খরচ করে থাকেন। তবে বিষয়টি নিয়ন্ত্রণ করতে কড়া নজর রাখছে নির্বাচন কমিশনও।

এমনকি কোন প্রার্থী ভোটপ্রচারে ঠিক কত টাকা খরচ করতে পারবেন, তা নির্দিষ্ট করে দেয় নির্বাচন কমিশন।

গত লোকসভা ভোটে প্রার্থীপিছু প্রচারের খরচের ঊর্ধ্বসীমা ছিল ৭০ লাখ টাকা। কিন্তু পাঁচ বছরের ব্যবধানে সেই খরচের ঊর্ধ্বসীমা এক লাফে ২৫ লাখ টাকা বাড়ান হয়েছে। অর্থাৎ এই নির্বাচনে প্রত্যেক প্রার্থীর জন্য খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৯৫ লাখ টাকা করেছে কমিশন জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। আর কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে।

প্রার্থীদের জন্য নির্বাচনী ব্যয়ের সীমার সর্বশেষ বড় সংশোধনটি করা হয়েছিল ২০১৪ সালে। ২০২০ সালে আরও ১০ শতাংশ বাড়ানো খরচের সীমা। বড় রাজ্যগুলির জন্য লোকসভা নির্বাচনের জন্য সর্বশেষ ব্যয় সংশোধন ৩৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ছোট রাজ্যগুলির জন্য সংশোধিত ব্যয়ের সীমা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লোকসভা নির্বাচনে প্রার্থীরা বড় রাজ্যে ৯৫ লাখ টাকা এবং ছোট রাজ্যে ৭৫ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, প্রত্যেক প্রার্থীকে নিরাপত্তা হিসেবে নির্বাচন কমিশনের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়। এই পরিমাণকে 'সিকিওরিটি ডিপোজিট' বলা হয়। লোকসভা নির্বাচনের জন্য, সাধারণ বিভাগের প্রার্থীদের ২৫,০০০ টাকা জামানত জমা দিতে হয়। SC-ST প্রার্থীদের দিতে হয় ১২,৫০০ হাজার টাকা।

সূত্র: এই সময়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত