ভারতের ‘বিশ্বকাপ দল’ গড়ে দিলেন ব্রায়ান লারা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঢাকার গরমের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে স্মরণকালের সর্বোচ্চ উত্তাপ ছড়াচ্ছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। যেখান থেকে কাটা-ছেঁড়ার পর গড়া হবে বিশ্বকাপের ভারতীয় দল।

একে একে ক্রীড়াজনেরা নিজেদের পছন্দের কথা প্রকাশ করে চলেছেন। সে তালিকায় সবশেষ নাম ক্রিকেটের বরপুত্র ও কিংবদন্তি ব্রায়ান লারা। টেলিভিশন স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বেছে নিয়েছেন তার দৃষ্টিতে সেরা ভারতীয় দলটি।

অবাক করা হলেও লারার দলে জায়গা হয়নি শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার এবং রিংকু সিংয়ের। ওপেনার হিসেবে অধিনায়ক রোহিতের সঙ্গী হবেন যশস্বী জয়সওয়াল। এর পরেই আসবেন কোহলি। উইকেটকিপারের দায়িত্বে দীর্ঘদিন বাদে ক্রিকেটে ফিরে আসা রিশভ পন্তেই আস্থা তার। সঙ্গে সঞ্জু স্যামসনকে রেখেছেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে।

লারার দলে জায়গা পেয়েছেন দু'জন পেস অলরাউন্ডার। একজন হার্দিক পান্ডিয়া, অন্যজন শিভম দুবে। আর বোলিং বিভাগে বেশ চমক উপহার দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি।

আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যুজবেন্দ্র চাহালকে রেখেছেন দলে। জায়গা হয়নি অক্ষর প্যাটেলের। অক্ষরের মতো বাদ পড়েছেন নিয়মিত পেসার মোহাম্মদ সিরাজও। তার জায়গায় এবারের মৌসুমে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে নিয়েছেন লারা। সুযোগ পেয়েছেন দারুণ করতে থাকা সন্দীপ শর্মাও। তাছাড়া জাসপ্রিত বুমরা তো আছেনই। 

বিশ্বকাপে ব্রায়ান লারার ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিশভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত