জেলে সেজে ট্রলার থেকে ইয়াবা উদ্ধার করল পুলিশ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পিএম

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় জেলে সেজে সারা রাত অভিযান চালিয়ে ফিশিং ট্রলারে করে পাচারের সময় ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে ইয়াবার একটি বড় চালান চকরিয়া উপজেলার উপকূলীয় খুটাখালী ইউনিয়নের পশ্চিমে মহেশখালী-কুতুবদিয়া চ্যানেল হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাবে, এমন সংবাদ পায় পুলিশ। এ খবর পেয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের এসআইসহ একটি দল জেলে সেজে সারা রাত অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি ফিশিং ট্রলারে অভিযান চালালে ট্রলারের চালকসহ লোকজন নদীতে সাঁতরে পালিয়ে যায়। পরে ফিশিং ট্রলারে থাকা ৫টি প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২৫টি প্যাকেটে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আালী বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল ফিশিং ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান মহেশখারী-কুতুবদিয়া চ্যানেল হয়ে চট্টগ্রাম দিকে যাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের একটি বহর নিয়ে সারা রাত জেলে সেজে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা ইয়াবা পাচারকারী লোকজন পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।  ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত