চিপস ও সিগারেট বাকিতে না দেওয়ায় মুন্সীগঞ্জে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. মোশারফ হোসেন (৫৫)।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাত ২টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোকানি ওই এলাকার মৃত নুরু মোল্লার ছেলে। এ ঘটনার জন্য মিরকাদিম পৌরসভার ওয়ার্ড কাউন্সিল মো. সোহেলের ছোট ভাই মো. রুবেলকে (৩৫) দায়ী করা হচ্ছে। রাতেই অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাগজীপাড়া এলাকার বাড়ির পাশেই মোশারফ হোসেনের দোকান। প্রতিরাতে সে দোকানেই ঘুমাতো। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমাচ্চিল মোশারফ। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল দোকানি মোশারফকে ঘুম থেকে ডেকে তোলে। এসময় সে চিপস ও সিগারেট বাকি চায়। দোকানি বাকি দিতে অস্বীকৃতি জানালে কাউন্সিলের ছোট ভাই ধারালো ছুরি বের করে বাকি দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকান থেকে টেনে বের করে দোকানি ছুরিকাঘাত করে রুবেল। পরে স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, সদাই বাকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। হত্যার সঙ্গে জড়িত যুবক রুবেলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
