বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড চালুর প্রতিবাদে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত থেকে সরে টার্ম ফাইনাল পরীক্ষায় অংশ নিতে রাজি হয়েছেন শিক্ষার্থীরা। আগামী ১১ মে থেকে এসব পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার রুটিন দ্রুত প্রকাশ করা হবে বলে জানা যায়। তবে ছাত্ররাজনীতির বিরুদ্ধে এখনো অনড় রয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদারের আহ্বানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রেণি প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান বলেন, আমরা আজ শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে বসেছি। তারা পরীক্ষায় বসতে রাজি হয়েছে। পরীক্ষার তারিখগুলো পুনর্নির্ধারিত হচ্ছে। আমরা খুব দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করব। মে মাসের মাঝামাঝি হতে পারে। শিগগিরই রেজুলেশন হবে।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের (ডিএসডব্লিউ) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক জানান, স্থগিত পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের বর্জন করা পরীক্ষাগুলোও নতুন করে নেওয়া হবে।
