উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কুবির জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি সিন্ডিকেট সভায় চলমান পরিস্থিতি সমাধান করতে দুটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এর একটি শিক্ষকদের দাবিদাওয়ার ব্যাপারে এবং অপরটি ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়ার ঘটনার তদন্ত কমিটি।
গত ২৮ এপ্রিল কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক সমিতির বিরুদ্ধে। এ সময় ছাত্রলীগের চাকরিপ্রত্যাশী নেতাকর্মী ও শিক্ষক সমিতির নেতাদের মধ্যে মারামারি এবং উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল কুবি উপাচার্য এবং কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
