জাদুকরী রাতের অপেক্ষায় ভিনি, টুখেলের স্বপ্নে ওয়েম্বলি

আপডেট : ০১ মে ২০২৪, ১০:৫২ এএম

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে কাল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে চ্যাম্পিয়ন্স লিগে এই ব্রাজিলিয়ান তারকার ৪০ গোলে পূর্ণ হয়েছে। যার মধ্যে ২০টি গোল তিনি নিজে করেছেন, বাকি ২০টি করিয়েছেন। যা এই প্রতিযোগিতায় একই সময়ে খেলা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নেওয়া পেনাল্টি কিক থেকেই রিয়াল মাদ্রিদের ভাগ্য ফিরে। যদিও এদিন ম্যাচের গোলের খাতা খুলেছেন ভিনিই। ম্যাচের আট মিনিট বাকি থাকতে কিম মিন-জায়ে বক্সের মধ্যে রদ্রিগোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ভিনিসিয়ুস এগিয়ে আসেন শট নিতে। পেয়ে যান গোল। তাতে সমতায় ফিরে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচ শেষে ভিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় অপরাজিত থাকতে চাই। আমি খুব খুশি দুটি গোল করতে পেরেছি এবং এখন আমাদের লক্ষ্য ঘরের মাঠে (সান্তিয়াগো বার্নাব্যু) একটি জাদুকরী রাত কাটাতে হবে।’

মাঝমাঠ থেকে টনি ক্রুসের একটি অসাধারণ পাস থেকে ম্যাচের ২৪ মিনিটে বায়ার্নের লক্ষ্য ভেদে করেছিলেন ভিনি। ম্যাচ শেষে আনচেলত্তি বুঝিয়ে দিলেন, ভিনি কীভাবে রিয়ালের আক্রমণভাগে পরিবর্তন আনতে শুরু করেছেন।

আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস বুঝতে শুরু করেছে মাঠের ভেতর সে কতটা গুরুত্বপূর্ণ, শুধু লাইনের কাছাকাছি নয়। সে ভালোভাবেই শিখেছে কীভাবে বল দেখে দৌড় দিতে হয়। ক্রুসের পাসটা ছিল দারুণ। আর সেটা থেকে অসাধারণ গোল করেছে ভিনি। এটাই বুঝিয়ে দেয় সে যে নিজেকে বদলাচ্ছে।’

দলের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা অসাধারণ একটা ম্যাচ ছিল। আমি মনে করি আমরা আরও ভালো খেলতে পারতাম। পারিনি, কারণ আমরা নিজেদের সেরাটাই খেলতে পারিনি। প্রথমার্ধে আমাদের অনেক ভুগতে হয়েছে। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনার জন্য আমরা অনেক চাপ সৃষ্টি করেছিলাম। ২-১ গোলে পিছিয়ে পড়ায় ম্যাচটা কঠিন ছিল, কিন্তু এরপর সমতা ফেরানোর শক্তি ও চরিত্র আমাদের ছিল। দ্বিতীয়ার্ধটা সত্যিই ভালো ছিল।’

এই ড্রয়ের ফলে আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে মাদ্রিদকে ফেভারিট করে তুললেও ম্যাচের বড় অংশে আধিপত্য বিস্তার করা বায়ার্নের এখনও জুনে ওয়েম্বলিতে ফাইনালে ওঠার আশা থাকবে। মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'দ্বিতীয় লেগের জন্য এটা ভালো ফল। তবে এখনও অনেক সময় আছে। এটা ঠিক বায়ার্নের অনেক ভালো খেলোয়াড় আছে। তাদের মুসিয়ালা বা সানের মতো ফুটবলার আছে যারা আমাদের হুমকির কারণ হতে পারে।’

ঘরের মাঠে জয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বায়ার্নের। ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগের এক ভুলে সমতায় শেষ হয় ম্যাচ। খেলা শেষে বায়ার্ন কোচ থমাস টুখেল বলেন, ‘একটু অদ্ভুত লাগছে। কিন্তু হিসেব খুব পরিষ্কার। সান্তিয়াগো বার্নাব্যু জয়, তারপর ওয়েম্বলি। সব আলো কেড়ে নেয় কেবল বিজয়ীরাই। আমরা প্রস্তুত থাকব এবং লড়াই করব। আমরা আত্মবিশ্বাস নিয়েই মাদ্রিদে যাব। আমাদের সাহসী হতে হবে।’

২০২১ সালে চেলসি কোচ হিসেবে সেমিফাইনালে রিয়ালকে বিদায় করার অভিজ্ঞতা আছে বায়ার্ন কোচ টমাস টুখেলের। আগামী ৮ মে রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দুই মুখোমুখি হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত